ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক সালমান শাহর ভক্তরা অংশ নেন।
মানববন্ধনে প্রয়াত এই নায়কের ভক্তরা জানান, সালমান শাহ তার সৃষ্টিশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে অতি অল্পদিনের মধ্যে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। ক্যারিয়ারে অতি অল্প সময়ে তিনি যে কয়টি সিমেনা করেছিলেন তার সবগুলোই এখনও জনপ্রিয়তার তুঙ্গে। তার হত্যার দীর্ঘ দুই যুগ পরও দেশের অগণিত ভক্ত তাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে। ভক্তদের হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয় যখন এই হত্যার দীর্ঘ যুগ পরও ঘাতকদের বিচার হয় না।
দীর্ঘদিনের আন্দোলনের পর হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত খলনায়ক ডনকে গ্রেফতারের মধ্য দিয়ে এই মামলায় অগ্রগতি পেয়েছে বলেও দাবি করেন বক্তারা। তারা বলেন, এখনও মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি আইনের আওতায় আসেননি। বক্তারা সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া বলেন, ‘সালমান শাহ হত্যার বিচার হবে একদিন, এই আশায় আমরা ভক্তরা ৩০ বছর ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছি। বিভিন্ন সরকারের সময় আমরা আমাদের দাবি জানিয়েছি। কিন্তু দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত বিচার পাইনি। বিচারের আশা এখনও ছাড়িনি। আশায় আছি, বিচার হবে। বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের সময় সালমান শাহ হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে ডনকে গ্রেফতার করা হয়েছে। এখন আমাদের দাবি, মামলার তদন্ত যেন দ্রুত শেষ হয়। আসামিদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। আসামিদের সাজা যেন নিশ্চিত হয়।’
এ সময় ভক্তরা অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন সালমান ভক্ত তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার, পল্লব দাস প্রমুখ। পরে প্রেসক্লাব এলাকা থেকে মিছিল বের করেন ভক্তরা। মিছিলটি দড়াটানা হয়ে গাড়িখানায় গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, যশোরের সালমান ভক্তরা দীর্ঘদিন ধরে তার মৃত্যুবার্ষিকীতে হত্যার বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে রয়েছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল। এ ছাড়া প্রতি বছর ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন উপলক্ষে কেক কাটা, খেলাধুলা ও সিনেমা প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন করা হয়। মানববন্ধন থেকে এবারও জন্মদিনে নানা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।