‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তির আজও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করতে কষ্ট হয়, ঠিক তেমনি ২৪ এর পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে কষ্ট হয়। এই দুই রাজনৈতিক শক্তির ঐক্য আমরা এ দেশের রাজনীতিতে প্রায়শই দেখতে পাই। আমরা আবারও দেখতে পাচ্ছি, মাত্র ৭ মাস বয়সের একটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেই ঐক্য আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই এই দুই পরাজিত শক্তিকে সবাই মিলে মোকাবিলা করতে হবে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়ার একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম বলেন, ‘গত সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলে জাতীয়তাবাদী দল খুব খারাপ ফলাফল করেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে কুষ্টিয়ার সেই হারানো সম্মান ফেরত আনতে হবে।’

সাংগঠনিক এ মতবিনিময় সভায় দলের তৃণমূল পর্যায়ের নেতারাও তাদের বক্তব্যে দলের ভেতরের অনৈক্য বিভেদের কথা তুলে ধরেন।

মন্ত্রীর বক্তব্য শেষে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য চলাকালে মতবিনিময় সভাস্থলে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি ও ঘটনা ঘটে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।