খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি

খুলনা নগরের দৌলতপুরে সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিদুল বিএল কলেজের পেছনে একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান। কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন যুবক তাকে ঘিরে ধরে গুলি চালায়। এতে তার পেটে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

দৌলতপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

আহত মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের এ পর্যন্ত নগরে ৩৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় ২৩টি হত্যা মামলা হয়েছে। পুলিশের হিসাবে, এর মধ্যে ১৯টি মামলার রহস্য উদ্‌ঘাটন হয়েছে এবং ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৭টি মামলা তদন্তাধীন এবং দুটি বিচারাধীন রয়েছে। ১৪টি মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নয়টি হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ, সাতটিতে মাদক ও আধিপত্য বিস্তার, দুটিতে ইজিবাইক চুরি এবং দুটিতে অজ্ঞাত কারণ ছিল। এ ছাড়া একটি হত্যাকাণ্ড চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় ঘটেছে।

২০২৫ সালে খুলনা নগরে ৩৯ জন নিহত হন। ওই বছর ৩৭টি হত্যা মামলা হয়। পুলিশের হিসাবে, এর মধ্যে ৩৬টি মামলার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে এবং ১৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

২০২৫ সালের হত্যাকাণ্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৮টি। পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বে ১৪টি, ইজিবাইক চুরির উদ্দেশে তিনটি এবং অজ্ঞাত কারণে দুটি হত্যাকাণ্ড ঘটে।

খুলনা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৩৩টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে গুলিতে হত্যার ঘটনা রয়েছে সাতটি।

জেলার নয়টি থানায় হওয়া এসব মামলার মধ্যে পারিবারিক কারণে ১১টি, মাদককে কেন্দ্র করে তিনটি, চুরি-ছিনতাইকে কেন্দ্র করে তিনটি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি এবং আর্থিক কারণে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

পুলিশের দাবি, ৩৩টি হত্যা মামলার মধ্যে ২৫টির রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে।