মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শক্ত প্রতিরোধে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে আন্তর্জাতিক সীমান্তের ১২৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের প্রবেশে বাধা দেন।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি জানান, দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিমমত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল প্রতিরোধ গড়ে তোলে। পরে বিজিবির বাধার মুখে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য নয়। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।