খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৯ দিনে ২৮৯ জন গ্রেফতার, দুটি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা পুলিশ সুপার সরদার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে খুলনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ২৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে অভিযানে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৭০৩ পিস ইয়াবা, দুই কেজি ৫ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন বাস্তবায়নে ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ট্রাফিক চেকপোস্ট কার্যক্রমে ৩২০টি মামলা ও ২০৬টি মোটরযান আটক করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ জানায়, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলা পুলিশ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছে।