বাবা-মায়ের সাথে পূজা দেখতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেলো শিশু ভাইবোনের

বাবা-মায়ের সাথে পূজা দেখতে বেরিয়ে যশোরের ঝিকরগাছায় দুর্ঘটনায় প্রাণ গেল শিশু ভাইবোনের।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে যাত্রীবাহী অটোভ্যান ও নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। নিহত দুই শিশু হলো উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজামণ্ডপের উদ্দেশে বের হয়েছিলেন সাধন কুমার। পথে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে গরু বহনকারী নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় দুই শিশু। ভাগ্যক্রমে বেঁচে গেছে শিশুদের মা বাবা ও নসিমন চালক আব্দুল মজিদ (৪৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় শোকাহত স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'শিশু দুটির পিতা মাতা ও ভ্যান চালক আহত হলেও তারা সুস্থ। নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।