দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন। অপর একজনের পরিচয় পাওয়া গেছে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে। তার নাম আরিফুল ইসলাম জয়। তার বাবার নাম শহিদুল ইসলাম। তার ঠিকানা যশোর পৌরসভার শংকরপুর এলাকার বেজপাড়ার পিয়ারী মোহন রোড। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনায় আহত দুজন হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পেরিয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলটির আরোহী ছিলেন। অন্য দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলটিতে ছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন জানান, নিহতদের একজনের কাছ থেকে আরিফুল ইসলাম জয় নামের একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রে দেওয়া তথ্য অনুযায়ী তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত দুজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।