খুলনায় সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানের ভেতরে ঢুকে এক মুদি দোকানদারকে গুলি করার ঘটনার পর এবার একটি ক্লিনিকে হামলা-ভাঙচুর ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে নগরের বাবুখান রোডে খুলনা কমার্স কলেজের বিপরীতে সন্ধানী ক্লিনিকে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা ক্লিনিকের সামনে ফাঁকা গুলি ছুড়ে ভেতরে প্রবেশ করে দুটি চেম্বারে ব্যাপক ভাঙচুর চালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় বাসিন্দা ও চিকিৎসাকেন্দ্রটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, দুর্বৃত্তরা ক্লিনিকের সামনে ফাঁকা গুলি ছুড়ে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না। আমরা ঘটনার তদন্ত করছি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা বাবুখান রোডের সন্ধানী ক্লিনিকের বিপরীত দিক থেকে ক্লিনিক লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে থাকা লোকজন ছোটাছুটি শুরু করেন। এরপর দুর্বৃত্তরা ক্লিনিকের ভেতরে ঢুকে দুটি চেম্বারে ভাঙচুর চালায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা ও গুলির ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
শনিবার সন্ধ্যায় নগরের দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু (৪৫) নামের এক মুদিদোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা। নিজের দোকানে বসে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। এর আগে সকালে খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের যুবদলের এক নেতা আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় আকাশ কুণ্ডুর মুদিদোকান। সন্ধ্যায় দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ চিৎকার করে তিনি জানান, তার তলপেটে গুলি লেগেছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
ওসি বলেন, গুলির ধরন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হত্যার উদ্দেশ্যে নয়, ভয় দেখানোর জন্য গুলি করা হয়ে থাকতে পারে। এলাকায় আকাশ কুণ্ডু ভদ্র মানুষ হিসেবে পরিচিত। ঘটনার পেছনে চাঁদাবাজির বিষয় থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে সকালে তেরখাদা উপজেলার পারহাজীগ্রামে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস নামে যুবদলের এক নেতা আহত হন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামিম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ভ্যানে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম বিশ্বাস। বেলা সোয়া ১১টার দিকে সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে পৌঁছালে তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এতে তার পিঠে গুলি লেগে আহত হন।