চুয়াডাঙ্গায় কলেজছাত্রকে অপহরণের পর গুলি করে হত্যা

চুয়াডাঙ্গাঅপহরণের ১০ দিন পর চুয়াডাঙ্গা সদর উপজেলায় কলেজছাত্র সোহানুর রহমানের (১৯) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ভুলটিয়া চন্দ্রঁতলা মাঠে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।  
নিহত সোহানুর রহমান ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার ঈশ্বরবার গ্রামের মহসিন আলীর ছেলে এবং কালিগঞ্জ হাজী নুর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
মহসিন আলী জানান, গত ১০ এপ্রিল বিকাল ৫ টার দিকে কালিগঞ্জ ঈশ্বরবার জামতলা এলাকা থেকে  সাদা পোশাকে ৫/৬ জন পুলিশ পরিচয়ে তার ছোট ছেলের সামনে থেকে বড় ছেলে সোহানুর রহমানকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। এ ঘটনার পরদিন কালিগঞ্জ থানায় জিডি করা হয়। এরপর সংবাদ সম্মেলন করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করি। কি কারণে তাকে অপহরণ করে হত্যা করা হলো বুঝতে পারছিনা।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়তে পারেন: সোনাগাজীতে বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতন, আটক ২

/বিটি/