সন্ধ্যা নামতেই খুলনার বটিয়াঘাটার চক্রাখালীতে গুলিতে যুবদলের সাবেক নেতা ওহিদুল ইসলাম বাদল (৩৫) আহত হয়েছেন। তিনি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বাড়ি ফিরছিলেন। বাদল বটিয়াঘাটা উপজেলা যুবদলের সাবেক নেতা ও জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে খুলনা থেকে ফেরার পথে চক্রাখালি বাজারে তিনি গুলিবিদ্ধ হন।
এর আগে সোমবার দিনগত রাতে বটিয়াঘাটার বড়করিয়ায় যুবদল নেতা সোহেল সন্ত্রাসীর গুলিতে আহত হন। মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা মহানগরীর নিরালা মোড়ে ছিনতাইকারীদের গুলিতে আহত হন জাপান টোব্যাকোর স্টাফ সালমান। গত ২৪ অক্টোবর দিনের বেলা তেরখাদায় যুবদল নেতা রামিম গুলিবিদ্ধ হন। একইদিন রাতে গুলিবিদ্ধ হন মুদী দোকানদার আকাশ কুণ্ডু। একই রাতে ক্লিনিকের সামনে ফাঁকা গুলি ও ক্লিনিক ভাঙচুর করা হয়।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়ার ফোকালপারসন আবির সিদ্দিক শুভ্র জানান, মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে খুলনার বটিয়াঘাটা থানাধীন ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার সংলগ্ন জনৈক বাদশার দোকানের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে অহিদুল ইসলাম বাদল (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়। তিনি বটিয়াঘাটা থানাধীন তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অহিদুল ইসলাম বাদলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।