রাজবাড়ীতে দিনদুপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন (৩৫) গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের পান্না চত্বরে প্রকাশ্যে দিবালোকে এ গুলির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আমির হোসেন লিটন বানিবহের আবুল হাশেমের ছেলে।
এদিকে, প্রকাশ্যে দিবালোকে জেলা শহরের মধ্যে এমন গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এ ঘটনার বিষয়ে কেউ কথা না বললেও ঘটনার সময় দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানান স্থানীয়রা।
আহত লিটন বলেন, একটি মামলার কাজ শেষ করে আদালত থেকে অটোরিকশাযোগে শহরের বড় বাজারে যাচ্ছিলেন। পথে পান্না চত্বর অতিক্রম করার পর তাদের রিকশা ওভারটেক করে সালেহ আহমেদ সুজন ও ইনসান নামের দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তার ডান হাতে গুলি লাগে। তার সঙ্গে থাকা এক ব্যক্তির পেট ছুঁয়ে আরেকটি গুলি চলে যায়। পরে সময়ে তারা সেখানে কয়েকটি ফাঁকা গুলিও ছোড়েন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুটি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, দুপুর দেড়টার দিকে আমির হোসেন লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান হাতে গুলি লেগেছে এবং গুলিটি হাতের ভেতরে রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পরে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুরে নিয়ে যান।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, শহরের পান্না চত্বর এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।
এর আগে, ১৭ অক্টোবর শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদ সংলগ্ন দোকানে পিয়ারুল সরদার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।