যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর জেলা। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে রয়েছে নড়াইল। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বোর্ডের অধীন ১০ জেলার মধ্যে এমন চিত্র দেখা গেছে। যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, যশোর বোর্ডে সামগ্রিক পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।
জেলাভিত্তিক ফলাফলে ৫২ দশমিক ৯৪ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে যশোর। গত বছরও ৫৮ দশমিক ২৫ শতাংশ পাসের হার নিয়ে বোর্ডে প্রথম অবস্থানে ছিল জেলাটি।
এবার দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে খুলনা। জেলাটিতে পাসের হার ৪৬ দশমিক ৬৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৩ দশমিক ৯৮ শতাংশ।
গত বছর চতুর্থ অবস্থানে থাকা চুয়াডাঙ্গা এবার এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। জেলাটিতে পাসের হার ৪৬ দশমিক ১৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৫০ দশমিক ৩৫ শতাংশ।
এবার চতুর্থ অবস্থানে রয়েছে কুষ্টিয়া। গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে আসা জেলাটিতে পাসের হার ৪৫ দশমিক ৩৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৮ দশমিক ৮৫ শতাংশ।
গত বছর তৃতীয় অবস্থানে থাকা সাতক্ষীরা এবার দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমেছে। জেলাটিতে পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৬৪ শতাংশ।
গত বছরের অষ্টম অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে এবার ষষ্ঠ স্থানে রয়েছে ঝিনাইদহ। জেলাটিতে পাসের হার ৪১ দশমিক ৯৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৫ দশমিক ০৭ শতাংশ।
গত বছর ষষ্ঠ স্থানে থাকা মেহেরপুর এবার এক ধাপ পিছিয়ে সপ্তম অবস্থানে রয়েছে। জেলাটিতে পাসের হার ৪০ দশমিক ৭৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৮ দশমিক ৫১ শতাংশ।
গত বছর নবম স্থানে থাকা বাগেরহাট এবার এক ধাপ এগিয়ে অষ্টম অবস্থানে উঠে এসেছে। জেলাটিতে পাসের হার ৩৮ দশমিক ৮৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৪১ দশমিক ৮৫ শতাংশ।
গত বছর সবচেয়ে পিছিয়ে থাকা মাগুরা এবার এক ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছে। জেলাটিতে পাসের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৩৭ দশমিক ৪৬ শতাংশ।
অন্যদিকে, গত বছর সপ্তম স্থানে থাকা নড়াইল এবার দশম তথা সর্বশেষ অবস্থানে নেমে গেছে। জেলাটিতে পাসের হার ৩৬ দশমিক ৭৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৬ দশমিক ৪৬ শতাংশ।