ছেলের পর বাবাকে গুলি করে হত্যা: লাদেন ও রানা গ্রেফতার

খুলনার রূপসা থানা এলাকায় আলোচিত জয় ঢালীকে (২৫) কুপিয়ে হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬। বুধবার (০৪ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের চর মোসাব্বারপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- রূপসার নন্দনপুরের আব্দুল গাফফারের ছেলে ফেরদৌস হোসেন লাদেন (২৩), এবং সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকার আতিয়ার শেখের ছেলে রানা শেখ আকাশ (২৫)। তারা খুলনার অপরাধজগতে আলোচিত ‘বি-কোম্পানির’ সদস্য বলে জানিয়েছে এসআরবি।

গত ১৫ আগস্ট সন্ধ্যায় রূপসার দুর্জনীমহলের শহীদের মোড়ে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। জয় ঢালীকে হত্যার ৫০ দিন পর তার বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৫ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে আক্তার ঢালীকে হত্যা করা হয়। হত্যার ১৫ দিন আগে গত ২১ সেপ্টেম্বর জীবনের নিরাপত্তা চেয়ে রূপসা থানায় জিডি করেছিলেন আক্তার ঢালী। কিন্তু তাকে কোনও নিরাপত্তা দিতে পারেনি পুলিশ।

গ্রেফতার লাদেন ও রানা

আক্তার ঢালী হত্যার পর তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের ধারণা ছেলে জয় ঢালী হত্যার সঙ্গে তার বাবার হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে। স্বজনদের দাবি, খুলনার অপরাধজগতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর গড়া সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানির’ লোকজন আক্তার ঢালী হত্যায় জড়িত থাকতে পারে। একইসঙ্গে জয় ঢালী হত্যায়ও তারা জড়িত। তবে নতুন করে কোনও ঝামেলায় জড়াতে চান না তারা। এ কারণে কারও বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করতেও নারাজ পরিবারের সদস্যরা।

গত ২১ সেপ্টেম্বর রূপসা থানায় করা জিডিতে আক্তার ঢালী উল্লেখ করেছেন, গত ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে সেনরেবাজার এলাকায় মামলার আসামি মুনজিল শেখ, মুরাদ শেখ, মাসুদ মোল্যা ও রোপা মোল্যা আমাকে ডেকে নিয়ে যান। তখন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন তারা। এমনকি জীবনে মেরে ফেলার হুমকি দেন। পরে আক্তার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এসআরবি-৬ সিপিসি সদর কোম্পানির অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে রূপসা থানা এলাকায় চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি লাদেন ও রানাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।’