অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত প্রেমিকার

অন্য এক মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমিক অনিক (১৯)-কে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে প্রেমিকা ববি আক্তারের (১৮) বিরুদ্ধে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে আলমনগর বাজারের কাছে পালপাড়ায় এ ঘটনা ঘটে। আহত অনিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ববি আক্তারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

খালিশপুর থানার ওসি শাহজাহান বলেন, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা দুজনই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি অনিক অন্য এক মেয়ের সঙ্গে কথা বলায় ববি মনঃক্ষুণ্ন ছিলেন।

ওসি বলেন, সোমবার সকালে তাদের দেখা হলে কথাবার্তার একপর্যায়ে ববি ছুরি দিয়ে অনিককে আঘাত করেন। দুপুর ২টার দিকে অনিক থানায় এসে জানান, তিনি ববির বিরুদ্ধে কোনও অভিযোগ করবেন না। দুজনের অভিভাবক থানায় আসছেন। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

অনিক হাসনাত মুন্না ঝিনাইদহের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি খুলনায় থেকে পড়াশোনা করেন। ববি আক্তারের বাড়ি সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়।