মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারকের কথায় মোবাইল ফোনে আসা ওটিপি নম্বর দেওয়ার পর তিন দফায় তার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী পারেছা খাতুন থানায় লিখিত অভিযোগ করেছেন।
পারেছা খাতুন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী শাহিন আলম বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের দুই সন্তান পারভেজ আহমেদ (৭) ও হামিম আহমেদ (৪) জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদও।
থানায় দেওয়া অভিযোগে পারেছা জানান, গত সোমবার (৯ নভেম্বর) বিকাল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ফোন করেন। তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কার্ডের অর্থ পাওয়ার প্রক্রিয়া বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন ওই ব্যক্তি। একপর্যায়ে মোবাইল ফোনে আসা ওটিপি নম্বর জানতে চান তিনি। তার কথামতো নম্বরটি জানানোর পর তিন দফায় বিকাশ অ্যাকাউন্ট থেকে মোট ১২ হাজার ৮৯৯ টাকা অন্য একটি নম্বরে চলে যায়।
অভিযোগে বলা হয়, পারেছার ব্যবহৃত নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় সেন্ড মানির মাধ্যমে টাকা পাঠানো হয়েছে। মঙ্গলবার তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ করেন।
পারেছা খাতুন বলেন, মোবাইল সম্পর্কে আমিও কিছু বুঝি না। আবার দেখতেও পাই না। তাই এক আত্মীয়কে ডেকে ফোনে আসা ওটিপি দিতে বলি। সেও মেয়ে মানুষ, মোবাইল সম্পর্কে তেমন বোঝে না। আমরা কেউই বুঝতে পারিনি। প্রতারকেরা এই সুযোগে আমার সব টাকা নিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার মতো অসহায় মানুষের টাকাটা যেন দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে অনেক কষ্টে সংসার চালান পারেছা। তার কাছে জমা থাকা এই টাকা ছিল বড় সম্বল। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে সেই অর্থ হারিয়ে পরিবারটি এখন বিপাকে পড়েছে।
স্থানীয়রা জানান, সংসারের বাড়তি আয়ের জন্য পারেছা ছাগল ও হাঁস-মুরগি পালন করেন। ভিক্ষার ওপর নির্ভর না করে নিজের সামর্থ্য অনুযায়ী পরিবার চালানোর চেষ্টা করেন তিনি। তার স্বামীও কাজের চেষ্টা করেন, তবে নিয়মিত কাজ পান না।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, পরিবারটি খুবই অসহায়। বিভিন্ন ব্যক্তি তাদের সহযোগিতা করেন। পারেছাকেও ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সহায়তা করবেন। একই সঙ্গে প্রশাসনকে টাকা উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, পারেছা খাতুন এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
গাংনী উপজেলা ইউএনও মাসুদুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।