যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ, দুই দিনে আ.লীগের ১৭ জন গ্রেফতার

যশোরে দুটি আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের মামলায় গত দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্র ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) যশোরের আট ‍উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর পুলিশের বিস্ফোরক আইনে করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আটকদের মধ্যে রয়েছেন- জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের  নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে এই মামলা করেন এসআই রাইসুল ইসলাম। ঘটনার পর থেকে শহর ও বিভিন্ন উপজেলায় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের আটক করছে পুলিশ।

মামলার এজাহারে  উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেল স্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি খবর পান, জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পূর্ব পাশে সহকারী জজ আদালতের গেটের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রাত ৯টার দিকে পুলিশ সহকারী জজ আদালতের ফটকের সামনে গিয়ে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করে।

এর আগে রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনে ককটেল সদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। এটি আদালত ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। সেখান থেকে ছয়টি বিয়ারিং বল, কালো স্কচটেপের দুটি টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার যশোর সদরের সুজলপুর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান লাবলু, নরেন্দ্রপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকার আব্দুল মজিদের ছেলে লাভলু, চাঁচড়া রায়পাড়ার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলা এলাকার লুৎফর রহমানের ছেলে আরমান হোসেন রিজভী, বকচর এল মার্কেটের পেছনের এলাকার মৃত ফজলুল হকের ছেলে ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম, সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া শনিবার ঝিকরগাছা ও সদর উপজেলার অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- শহরের ষষ্ঠীতলার মৃত হাফিজুর ইসলামের ছেলে হৃদয় ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলমগীর হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, আওয়ামী লীগ সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম ও তালবাড়িয়া গ্রামের সোহেল রানা।

যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, দুই আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত দুই দিনে ১৭ জনকে আটক করা হয়েছে। আটকের পর বিস্ফারক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করার উদ্দেশে তারা এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।