চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি পরিচয় দেওয়া আইনজীবী এম কামাল উদ্দিন আদালত থেকে ছাড়া পেয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) বিকালে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে মুক্তির আদেশ দেন বিচারক।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে কোনও মামলা না থাকায় সন্দেহজনক চলাফেরার অভিযোগে মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-১৯৭৮-এর ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ হেফাজত থেকে বের হওয়ার পর কামাল উদ্দিন বলেন, ‘গতকাল কিছু সন্ত্রাসী আমাকে মবের মুখে ফেলার চেষ্টা করেছিল, আগুন দেওয়ারও চেষ্টা করেছিল। তবে অপহরণ ও আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের চিনতে পারিনি। এ ঘটনায় আমাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘কামাল উদ্দিন কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়। দেড় মাস ধরে কর্ণফুলীর সিডিএ টেক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। গতকাল রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা তার ভাড়া বাসায় যান। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।’
ওসি বলেন, ‘কামাল উদ্দিনকে কোনও মামলায় গ্রেফতার করা হয়নি। নিরাপত্তার স্বার্থে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থানায় আগে থেকে কোনও লিখিত অভিযোগও ছিল না। পরে তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরিবারের কেউ থানায় আসেননি। এ কারণে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে আদালতে হাজির করা হয়। বিষয়টি আদালতকে জানালে তাকে ছেড়ে দিতে বলেন।’
এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেন। তার এসব বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই সেসব ভিডিও শেয়ার করেছেন এবং মন্তব্য করেছেন।
তিনি একসময় ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সালে সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৩০ লাখ টাকা দেওয়ার অভিযোগ তুলে আলোচনায় আসেন। মনোনয়ন পেতে টাকা দেওয়ার বিষয়টি তখন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল।
তার অভিযোগ ছিল, সাতকানিয়ার সোনাকানিয়া ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবির তার কাছ থেকে ১৫ লাখ টাকা নগদ নেন। পরে চট্টগ্রাম-৮ আসনের তৎকালীন সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের নামে আরও ১৫ লাখ টাকার একটি চেক নেন। মনোনয়ন না পাওয়ার পর তিনি টাকা ও চেক ফেরত চান। কিন্তু তা ফেরত না পেয়ে আদালতে মামলা করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত।
অপরদিকে মোছলেম উদ্দিন আহমেদের নামে ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় কামাল উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হোসেন কবির। ওই মামলাটিও তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। মোছলেম উদ্দিন তখন অভিযোগটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছিলেন। মামলার পর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গত অক্টোবরে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দেন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে আলোচনায় আসেন।