অপরাধী শনাক্তে খুলনাজুড়ে বসছে এআই ক্যামেরা

খুলনা শহরের নিরাপত্তা জোরদারে পুরো নগরীকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এসব ক্যামেরার মাধ্যমে ব্যক্তি, গাড়ি ও ইজিবাইক দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নগর ভবনে পেট্রোল বোমা বিস্ফোরণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, এটি যদি জনগণের ওপর পড়ত, তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। আমরা খুলনা শহরকে এআই সিসিটিভির আওতায় নিয়ে আসব। দিন যত যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের শঙ্কা তত বাড়ছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফ্যাসিবাদের একটি ষড়যন্ত্র রয়েছে।

তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে সতর্কতা অবলম্বন করা হবে। তবে এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড শক্ত হাতে মোকাবিলা করা হবে। মানুষকে জিম্মি করে কোনও রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা যায় না। একইভাবে মানুষকে জিম্মি করে অর্থ আদায় ও মাদক ব্যবসাও দীর্ঘদিন চালানো সম্ভব নয়।

কেসিসি প্রশাসক বলেন, খুলনাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে রাজনৈতিক কর্মীরা জড়িত থাকলেও তাদের ছাড় দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই আশ্বাসকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

তিনি আরও বলেন, খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপ সফল করতে খুলনাবাসী ও সিটি করপোরেশন পাশে থাকবে।

খুলনায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত শক্তি প্রয়োগের পাশাপাশি যৌথ অভিযান প্রয়োজন। এ বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী গঠনের মাধ্যমে পরিস্থিতির উন্নতি করা সম্ভব বলে তিনি মনে করেন।

এআই সিসিটিভি স্থাপনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে কেসিসির বৈঠক হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে দ্বিতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। সিটি করপোরেশন ও পুলিশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

তিনি বলেন, এআই ক্যামেরার মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা যানবাহন দ্রুত শনাক্ত ও অবস্থান নির্ণয় করা সম্ভব হবে। অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে এই প্রযুক্তি সহায়ক হবে। দ্রুতই খুলনাকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে এ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে।