দেশে কয়েক স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করেছেন। তবে এই শোডাউনেও হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের দুই নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। রাত ১০টার দিকে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুই জন নিহতের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত দুই জনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, হামলার ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।