খুলনা মহানগরীর রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের আজানের সময় এ হামলা হয়। এ সময় তারা ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়।
স্থানীয়রা জানান, মাগরিবের আজানের কিছুক্ষণ পর ৫০-৬০ জন যুবক এসে টিকিট বিক্রেতাকে টুঙ্গিপাড়া লেখা সাইনবোর্ড নামিয়ে রাখার কথা বলে। কিন্তু বিক্রেতা একা থাকায় সেটি খুলতে পারেননি। এরপর দুর্বৃত্তরা কাউন্টারের মধ্যে হামলা চালায়।
কাউন্টার ম্যানেজার মন্টু বলেন, দুর্বৃত্তরা ক্যাশ কাউন্টার থেকে নগদ পাঁচ হাজার টাকা এবং টিকিট বিক্রেতার কাছ থেকে দুটি ফোন ছিনিয়ে নিয়ে গেছে। যাওয়ার সময় তারা কাউন্টারের মধ্যে থাকা কম্পিউটারের মনিটর এবং ক্যামেরা ভাঙচুর করে ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। তিনি অসুস্থ থাকায় কাউন্টারে যেতে পারেননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, এখনও থানায় কেউ এ নিয়ে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।