আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা

খুলনার লবণচরার গল্লামারী এলাকায় আগুন দেওয়ার পর পালানোর সময় দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। আটক দুই জনের নাম কৌশিক (২১) ও ইয়াসিন (২২)।

জানা গেছে, গল্লামারী এলাকায় আগুন দেওয়ার ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় লবণচরা থানা এলাকার সামনে ওই দুই যুবককে আটক করেন বিএনপি নেতাকর্মীরা। পরে তাদের লবণচরা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লবনচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আটক দুই যুবককে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে রাখা হয়েছে। তাদেরকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগুন দেওয়ার ঘটনায় আরও কারা সম্পৃক্ত তাদের বিষয়ে জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।