ফেনীতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আটক দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে পুলিশ। ফেনী মডেল থানার এসআই ইসরাফিল বাদী হয়ে মামলাটি করেন। এ ছাড়া তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফেনী শহরের গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামে একটি আইডি থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে ধারাবাহিকভাবে পোস্ট করেন। এ নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে উত্তেজিত লোকজন তার বাসার নিচে জড়ো হন। ফ্ল্যাট থেকে যুবক ও তার স্ত্রীকে আটক করে। পরে তাদের পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত লোকজন যুবককে মারধর করেন। এ সময় পুলিশের গাড়িতে থাকা যুবককে লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়। এতে গাড়ির সামনের অংশের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে চার জন আহত হন।
যুবকের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। তার স্ত্রীর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) সাজেদ কামাল বলেন, তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ম অবমাননাসহ তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে।