দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

খুলনার দিঘলিয়ায় সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার একটি মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা সেখানে ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে ফজরের নামাজের আগে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। পরে তারা ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

দিঘলিয়া থানার ওসি অরূপ কুমার চৌধুরী বলেন, দুর্বৃত্তরা একের পর এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।