ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সরকারি এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতালের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ ব্যয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে অবসরপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মী সন্তোষ কুমারের স্বাক্ষর জাল করে সেপটিক ট্যাংক পরিষ্কারের নামে ৩০ হাজার টাকা উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এর আগে গত ১৫ নভেম্বর দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে হাসপাতালের হিসাবরক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন খাতের ব্যয়ের তথ্য সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।
অভিযানে হিসাবরক্ষকের পরিবর্তে পরিসংখ্যানবিদ মাইনুর রহমানকে দিয়ে হিসাবের কাজ করানোর তথ্যও পান তারা। এ ছাড়া হাসপাতালের ওষুধ সরবরাহ, রোগীদের খাবার এবং বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগও খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা।
এসব অভিযোগের বিষয়ে জানতে ডা. আমানুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।