এক বন্দর থেকে ৫৪ লাখ টাকার সরকারি গম চুরি করে জাহাজে আরেক বন্দরে নিলেন তারা

যশোরের নওয়াপাড়ায় অভিযান চালিয়ে ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৫০ টন চোরাই সরকারি গম ও একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি এবং উপজেলা প্রশাসন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের নাবিকসহ পাঁচজন কর্মীকে আটক করা হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) বিকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম জব্দ করা হয়। পরে ওই পাঁচজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- জাহাজের নাবিক মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীমীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান ও ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার বাগেরহাটের মোংলার হারবারিয়া থেকে ১৫০ টন সরকারি গম চুরি করে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়ার নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন এলাকার রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্য্যবানু ১১ নামক কার্গো জাহাজটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গম এবং কার্গো জাহাজটি জব্দ করা হয়। জব্দকৃত গমের আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এ ছাড়া জাহাজের দুই সুকানিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।