সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিন, সহযোগী আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে রাত পৌনে ১টার দিকে হোটেলে অভিযান শুরু হয়। এ সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে চারজনকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও আটকের নির্দেশনার ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
ওসি আরও বলেন, তারা সিলেট নগরীতে অবস্থান করছেন, এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেফতার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন। পরে গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন। এরপর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।