কুষ্টিয়া জেলা কারাগার ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত কুষ্টিয়া জেলা কারাগারের সামনে আসে। এ সময় তারা সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এটি বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, মোটরসাইকেলে করে তিন জন এসে সড়কের ওপর থেকে ককটেল বোমা নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি জাকির হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।