‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণপিটুনি দিয়ে পুলিশে দিন’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে মোংলা পৌর ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে ডিসেম্বর মাসজুড়ে প্রতিটি এলাকায় পাহারা বসিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সমাবেশে জুলফিকার আলী বলেন, অনেক সহ্য করা হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নির্বাচনের পরও আমরা শান্ত ও নমনীয় ছিলাম। কিন্তু আওয়ামী লীগের নেতারা ইট মেরেছে, তাদের পাটকেল খেতেই হবে। যারা ফ্যাসাদ সৃষ্টি করছে এবং নৈরাজ্য ছড়াচ্ছে, তাদের আর ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিটি এলাকায় পাহারা বসাতে হবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় প্রবেশের সংযোগস্থলেও নজরদারি রাখতে হবে।

সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, শেখ হাসিনার শাসনামলে অসংখ্য মানুষ হত্যাকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা পাচার করা অর্থ দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে যৌক্তিক বলে দাবি করেন। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাও তুলে ধরেন তারা।

এর আগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়। 
সমাবেশে মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।