এক জেলায় বিস্ফোরণে আহত, আরেক জেলায় বাড়ি ঘেরাও করে ধরলো এসআরবি

রাজশাহী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ২৩:৪৫ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২৩:৪৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত নাজমুল করিম ওরফে নুরুলকে রাজশাহী থেকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। বিস্ফোরণের পর তিনি আহত অবস্থায় রাজশাহী নগরীর একটি বাসায় আশ্রয় নিয়ে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। এলাকায় তার একটি চায়ের দোকান রয়েছে। তিনি ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত। এসআরবি-৫-এর দাবি, নাজমুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালান এসআরবি সদস্যরা। এ সময় নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। তাকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। 

টমাস উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। টমাসের ফেসবুক আইডিতে নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করেছেন। তার ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি আছে। 

বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের একজন নাজমুল। আহত অবস্থায় নাজমুল প্রথমে রাজশাহী নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে তেরোখাদিয়া পশ্চিমপাড়ায় পূর্বপরিচিত এক নারীর ভাড়া বাসায় আশ্রয় নেন। ওই বাসার মালিক রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আলাউদ্দিন।

নাম প্রকাশ না করে বাসার ভাড়াটিয়া এক নারী জানান, নাজমুল তাদের পূর্বপরিচিত। বুধবার ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তার স্ত্রী তাকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর তারা গ্রামের বাড়িতে চলে যাবেন বলে জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দেন। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাড়িটি ঘিরে ফেলেন।

ওই নারী আরও জানান, নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল তাকে জানান, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। তাকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। তার চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে তার চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। সুস্থ হলে তাকে আদালতে হাজির করা হবে।

 

/এএম/ 
সম্পর্কিত
আরেক বন্দর দিয়ে শেখ হাসিনা দেশে ঢুকবেন—খবরে বিএনপির মশাল মিছিল
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে
বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ বিস্ফোরণ: আমরা দুজন আহত হয়েছি
সর্বশেষ খবর
কিশোরী নিয়ে আপত্তিকর পোস্ট কলেজশিক্ষকের, চাইলেন ক্ষমা: অধ্যক্ষ বললেন ‘শোকজ করবো’
কিশোরী নিয়ে আপত্তিকর পোস্ট কলেজশিক্ষকের, চাইলেন ক্ষমা: অধ্যক্ষ বললেন ‘শোকজ করবো’
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’
বাড্ডায় বাসে আগুন
বাড্ডায় বাসে আগুন
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড