‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’

ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শামীম হোসেন নামে এক ছাত্রদল নেতা। তিনি উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে তিনি এ ঘোষণা দেন।

ভিডিওর ক্যাপশনে শামীম লেখেন, ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’

জানা গেছে, তরুণ উদ্যোক্তাদের জন্য সরকার ঘোষিত স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ কর্মসূচিতে আবেদন করেছিলেন শামীম। প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে খুলনায় বাংলাদেশ ব্যাংকের শাখায় মৌখিক পরীক্ষায়ও অংশ নেন তিনি। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত কালীগঞ্জ উপজেলার চূড়ান্ত ছয়জনের তালিকায় তার নাম না থাকায় হতাশ ও ক্ষুব্ধ হন। এর পরপরই ভিডিও বার্তায় রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় শামীম অভিযোগ করেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখলেও দল ক্ষমতায় আসার পর তিনি অবহেলার শিকার হয়েছেন। ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে, অ্যাকাডেমিক জীবনের দুই বছর নষ্ট হয়েছে এবং ৮৭ দিন কারাভোগ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

শামীম আরও বলেন, তার পাখি ও কবুতরের খামারের পাশাপাশি গরুর খামার রয়েছে। ঋণটি পেলে খামার সম্প্রসারণ করে আরও ভালো কিছু করার পরিকল্পনা ছিল তার। কিন্তু চূড়ান্ত তালিকায় নাম না থাকায় হতাশ হয়েছেন। এ কারণে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের পাশাপাশি ভবিষ্যতে ছাত্রদলের কোনো মিছিল, মিটিং বা কর্মসূচিতেও অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এ বিষয়ে শামীম হোসেন বলেন, কারও প্ররোচনায় বা কাউকে ছোট করার উদ্দেশ্যে তিনি ভিডিওটি প্রকাশ করেননি। দলের জন্য নিজের ক্যারিয়ারের অনেক ক্ষতি করেছেন, অথচ দল ক্ষমতায় আসার পর অবহেলার শিকার হয়েছেন। সেই হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, শামীমের ভিডিও পোস্টটি তিনি দেখেছেন। ব্যস্ততার কারণে এখনও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যোগাযোগের চেষ্টা করছেন।