কুষ্টিয়া জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল এবং মিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে পৃথক স্থানে এসব হামলার ঘটনা ঘটে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গ্রামীণ ব্যাংকের একটি কক্ষে আগুন ধরে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে অবস্থিত জেলা ও দায়রা জজ এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে ককটেলটি ছুড়ে মারে। এটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।
অন্যদিকে, একই রাতে আনুমানিক ২টা ২৫ মিনিটে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার টিঅ্যান্ডটি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
স্থানীয় গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে দুটি ব্যাংক ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায়। অপরটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে। এতে কক্ষে আগুন ধরে যায়।
পরে ব্যাংক কর্মকর্তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কক্ষের একটি লেপ ও তোশক পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখার ব্যবস্থাপক রেকনুজ্জামান আমিন বলেন, দুর্বৃত্তরা ব্যাংক ভবন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায়। অপরটি দ্বিতীয় তলায় ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে আগুন ধরে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া উভয় ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।