ময়মনসিংহকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে: রওশন এরশাদ

Mymensingh -Rowshan ershad-জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য রওশন এরশাদ বলেছেন, ‘আয়কর ঠিক মতো দিলে দেশের রাজস্ব খাতে উন্নয়ন হবে। দেশ উন্নয়নের সিঁড়ি বেয়ে তর তর করে উপরে উঠে যাবে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে। রাজস্ব খাতে অর্থ না থাকলে পদ্মাসেতু কী করে হবে? সার্জ চার্জের টাকা দিয়ে যমুনা সেতু হয়েছিল। ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ আমাদের সরকারের সময়ে করেছিলাম। আমি চেষ্টা করবো বিভাগীয় শহর ময়মনসিংহকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে।’

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কর অঞ্চল ময়মনসিংহের আয়োজনে সম্মাননা ও সনদপত্র প্রদান এবং আয়কর সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে রওশন এরশাদ এসব কথা বলেন।

তিনি আরও  বলেন, ‘চরাঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ময়মনসিংহের নতুন বিভাগীয় সদর দফতরের জন্য ফসলের জমি নিতে বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেছি। প্রয়োজনে বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। কারো যাতে ভিটেমাটি থেকে উচ্ছেদ হতে না হয় সেদিকে সবার আগে দৃষ্টি দিতে হবে।’

এ সময় কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুল ইমাম এমপি, সালাহউদ্দিন মুক্তি এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. জহিরুল হক খোকা, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব অ্যাড. সাদিক হোসেন।

/বিটি/