নির্বাচন সুষ্ঠু করতে জামালপুরে পুলিশ সুপার প্রত্যাহার

জামালপুরজামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিনকে প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় তাকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদর দফতরে সংযুক্তির আদেশ দেওয়া হয়।

জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহেণর আগের রাতে পাঠানো ওই আদেশে বলা হয়, ‘জেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সুপারিশক্রমে পুলিশ সুপারকে  প্রত্যাহার করা হলো।’

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচন। এই ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোলা ও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই দুই জেলায় ভোটগ্রহণ হবে না। এর ফলে ভোট হবে বাকি ৫৯ জেলায়। ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্দলীয়ভাবে।

আরও পড়ুন- 


‘অজ্ঞাত এক ব্যক্তি বাসায় এসে গ্রেনেড বানিয়েছে’

/এফএস/