ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে আহত

 

শেখ শাহ আলম মাসুমময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহ আলম মাসুমকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।  এরপর আহত শেখ শাহ আলম মাসুমকে প্রথমে  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে, পরে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে  ওসি জানান, ‘ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পুরনো ট্রেনের বগি বিক্রির টেন্ডার নিয়ে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক  মাসুমের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি মীমাংসার জন্য রাসেল পাঠান রাতে মাসুমকে জয়নুল আবেদিন পার্কের সারিন্দা রেস্টুরেন্টের সামনে ডেকে নিয়ে যান। সেখানে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম মোটরসাইকেলে উঠে চলে যেতে চাইলে রাসেল পাঠানের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় মাসুম দৌড়ে  সারিন্দা রেস্টুরেন্টে ঢুকতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা চলে যায়। খবর পেয়ে মাসুমের অনুসারী নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, ‘মাসুমের ডান হাতের কব্জি, পেট, ডান পা, মাথা ও পিঠে বেশ কয়েকটি কোপের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।’  

ওসি কামরুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের জেরেই মাসুমের ওপর হামলা করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’