‘বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদকারীদের নাম বহু বছর পরও থাকবে’

কাদের সিদ্দিকী (ছবি- সংগৃহীত)কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘দেশে এখন বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদের তেমন মূল্য নেই। তবে একশ বা দুইশ বছর পর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা যেমন থাকবে, তেমনি বঙ্গবন্ধুকে হত্যার প্রতিরোধ-সংগ্রামীদের নামও থাকবে।’ শনিবার (৬ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব চত্বরে আগামী ২৮ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী যোদ্ধাদের সমাবেশে যোগদানের আমন্ত্রণ জানাতে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘দেশটা ভালোভাবে চলছে না। বড় দুর্দিন চলছে। দেশটা ভালোভাবে চলা দরকার। বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন, তখন তার নাম ছাড়া আর কারও নাম শোনা যায়নি। অথচ বঙ্গবন্ধুকে হত্যা করার পর কেউ কথা বলেনি।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করতেই সেদিন অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম। কষ্ট লাগে যারা সেদিন বঙ্গবন্ধুর বিরোধীতা কিরেছেন, তাদের অনেকেই এখন বঙ্গবন্ধুর পক্ষে মুখে ফেণা তুলেন। আমার কথায় অনেকের গা জ্বালা করবে। কিছু আসে যায় না। আমি আল্লাহ ছাড়া কারও গোলামি করি না। বঙ্গবন্ধু হত্যার এত বছর পরও, আল্লাহ হয়তো কোনও কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

এসময় নালিতাবাড়ী প্রতিযোদ্ধা সংগঠনের যোদ্ধারা উপস্থিত ছিলেন।