উপরে নৌকা ভেতরে ধানের শীষের প্রচারণা চালানো হচ্ছে: হুইপ আতিক

শেরপুরে নির্বাচনি প্রচারণায় বক্তব্য রাখছেন হুইপ আতিকশেরপুরে আওয়ামী লীগের নাম নিয়ে ভেতরে ভেতরে ধানের শীষের প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শেরপুর-১ (সদর) আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। তিনি বলেন, ‘আমার দলে সন্ত্রাসীদের কোনও স্থান দেইনি। যারা ছিল তাদের আমার নির্বাচনের গণসংযোগে সঙ্গে নেইনি। তারা আলাদাভাবে প্রচারণা চালাচ্ছে। কিন্তু তাদের আমি বিশ্বাস করি না। তারা ওপরে নৌকার নাম নিয়ে ভেতরে ভেতরে ধানের শীষের প্রচারণা চালাচ্ছে।’

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর ) দুপুরে জেলা শহরের খরমপুর মোড়ে আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হুইপ আতিক শহরবাসীর কাছে তার ২২ বছরের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে আবারও নৌকা মার্কায় ভোট চান।

এ সময় আগামী দিনে জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।