ময়মনসিংহের ১১টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছেময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

জেলার ১১টি আসনে এবার ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ৩৭ লাখ ৫০ হাজার ৯৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১৮ লাখ ৯৩ হাজার ৬৪৯ জন এবং মহিলা ভোটার ১৮ লাখ ৫৭ হাজার ৩১৯ জন। মোট কেন্দ্র ১ হাজার ৩২৩টি যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৬৮৭টি। জেলার প্রতিটি আসনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি টহলের জন্য পুলিশের ৪টি টিম, র‌্যাবের ২টি টিম, বিজিবির ২টি টিম, সেনাবাহিনীর ২টি টিমসহ মোট ১০টি টিম আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছেন।

এদিকে আজ সকাল ৮টার সময় ময়মনসিংহ-৪ সদর আসনে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, এখানে মোট ভোটার রয়েছে ২ হাজার ৪৮৯ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ২২৪ ও মহিলা ভোটার ১ হাজার ২৬৫ জন। এই কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর পোলিং এজেন্ট রয়েছে। কনকনে শীত উপেক্ষা করে ভোটদানের জন্য ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

এই কেন্দ্রের প্রিজাইিডং অফিসার ড. মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’

এই কেন্দ্রের ভোটার সেহড়া মুন্সিবাড়ির অশীতিপর বৃদ্ধা করিমননেছা বেওয়া জানান, দীর্ঘ দশ বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে তিনি খুবই আনন্দিত।

জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।’