ময়মনসিংহে পুলিশ-কলেজ শিক্ষক হাতাহাতি, কোতোয়ালি থানা ভাঙচুর

01ময়মনসিংহ মহানগরীর টাউন হল মোড়ে প্রাইভেটকারকে অটোরিকশা ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ কনস্টেবল ও সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এর জের ধরে ওই কলেজ শিক্ষার্থীরা কোতোয়ালি মডেল থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড শটগানের রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় ৩ ছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, সকাল সাড়ে ১০টার সময় সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শরীফ আহমেদ প্রাইভেটকারে করে টাউন হল মোড় হয়ে কলেজে যাওয়ার পথে এক অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় শিক্ষক শরীফ অটোরিকশাকে রাস্তার ওপর আটকে দেয়। ঘটনার সময় পাশে থাকা ট্রাফিক কনস্টেবল আসলাম হোসেন প্রাইভেটকার ও অটোরিকশা রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতির ঘটনা ঘটে।02
তিনি আরও জানান, শিক্ষক শরীফ কলেজে গিয়ে ছাত্রদের জানায় পুলিশ তাকে মারধর করেছে। বিষয়টি জানালে উত্তেজিত কয়েকশ’ শিক্ষার্থী কলেজ থেকে বের হয়ে টাউন হল মোড়ের সড়ক অবরোধ করে। পরে মিছিল নিয়ে থানায় গিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় থানার জানালার গ্লাস ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চার রাউন্ড শটগানের রাবার বুলেট নিক্ষেপ করেছে।
এসময় থানা ক্যাম্পাস থেকে আন্দোলনরত কলেজ ছাত্র ইমরান হোসেন, তানজিল ইসলাম ও এসএম শাহরিয়ারকে আটক করেছে।
ওসি মনসুর জানান, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কথা বলছেন। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে জানতে ফোনে কলেজ শিক্ষক শরীফ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।