বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেদের জমি দিতে চান না স্থানীয়রামেলান্দহে প্রস্তাবিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে নিজেদের কৃষিজমি ও বসতভিটা দিতে চান না স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের বিপক্ষে দাঁড়িয়েছেন পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ। নিজেদের জমি বাঁচাতে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
মেলান্দহে স্থানীয়দের বিক্ষোভ সমাবেশমেলান্দহ উপজেলার পুর্ব বাগাডোবা প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আমাদের এলাকার কৃষিজমি, বসতভিটা, গোরস্থান ও স্কুলসহ নানা প্রতিষ্ঠান উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিপক্ষে না, অন্যত্র খোলা জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। অধিগ্রহণকৃত ৫০০ একর জমিতে বাঘাডোবা, পশ্চিম বুরঙ্গা ও জালালপুরসহ পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। এই বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ হলে সবাই কর্মহীন ও আশ্রয়হীন হয়ে পড়বে। অবিলম্বে কৃষি ও বসত জমি অধিগ্রহণ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বক্তারা। তা না হলে ‘জান দেবো, তবু জমি দেবোনা’ স্লোগানে মুখর হয়ে উঠে সমাবেশস্থল।
সমাবেশে শিক্ষক সুরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- গোলাম কিবরিয়া, ফেরদৌস আলম, সাধু মোল্লা, লিয়াকত আলী, আব্দুল মজিদ, আমজাদ হোসেন ও নুরুল ইসলাম প্রমুখ।