নাগরিকদের সেবার জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক। তিনি বলেছেন, ‘আমার অফিসের দরজা বন্ধ থাকবে না; সবসময় নাগরিকদের জন্য খোলা থাকবে।’
বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিসি মোহাম্মদ এনামুল হক। এসময় তিনি ওপরের কথাগুলো বলেন।
মোহাম্মদ এনামুল হক বলেন, ‘সাংবাদিক ও প্রশাসন উভয়েই লক্ষ্য— দেশের উন্নয়নে কাজ করা। আমরা সেভাবেই কাজ করে যাবো। যেখানে প্রশাসনের নজর পৌঁছাবে না, আপনারা (সাংবাদিক) সেখানকার তথ্য দিয়ে আমাদের সাহায্য করবেন।’
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন– অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার, সাংবাদিক এমএ জলিল, হাফিজ রায়হান সাদা, লুৎফর রহমান, শুভ্র মেহেদী, তানভীর আহমেদ হীরা প্রমুখ।
‘আপত্তিকর’ ভিডিও ফাঁসের ঘটনার পরিপ্রেক্ষিতে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। আর জামালপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ পান এনামুল হক। গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। পরে গত সোমবার (২৬ জুলাই) বিকালে জামালপুর পৌঁছে ডিসি কার্যালয়ে যোগদান করেন এনামুল হক।
আরও পড়ুন:
জামালপুরের ডিসি প্রত্যাহার হচ্ছেন, নতুন ডিসি আজই
ভিডিও বিতর্ক, জামালপুরের ডিসিকে প্রত্যাহার ও শাস্তির দাবি