পুকুরে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু

নেত্রকোনানেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামে শুক্রবার (১২ জুন) দুপুরে পুকুরে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। তারা হলো— দাপুনিয়া গ্রামের জামরুল মিয়ার কন্যা মাইসা আক্তার (৭) এবং দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের কন্যা রাইসা আক্তার (৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাইসা আক্তার বৃহস্পতিবার (১১ জুন) তার মায়ের সঙ্গে খালার বাড়ি দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে মাইশা তার খালাতো বোন রাইসাকে নিয়ে বাড়িতে খেলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত এক বোন পুকুরের পানিতে পড়ে গেলে, অপর বোন তাকে বাঁচাতে গিয়ে সেও পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।