গফরগাঁওয়ে সৌদিফেরত যুবককে কুপিয়ে হত্যা 

ময়মনসিংহের গফরগাঁওয়ে মতিউর রহমান মোহন (২৮) নামে সৌদিফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার সংলগ্ন যাত্রী ছাউনিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই এলাকার গ্রাম পুলিশ কাঞ্চন মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত মোহন উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে গ্রাম পুলিশ কাঞ্চনকে নিয়ে শিবগঞ্জ বাজারে যাচ্ছিলেন মোহন। শিবগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ডে মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই মোহনকে কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা মোহনকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশ কাঞ্চনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।