ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং নয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনা পজিটিভ হয়ে মারা গেছেন– ময়মনসিংহের তারাকান্দার বালু সিংহ (৬০), নেত্রকোনা সদরের ফারজানা (৪৫) ও পূরবধলার আব্দুল কাদের (৭০)।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন– ময়মনসিংহ সদরের শরফুন্নাহার (৬৫), রতন মিয়া (৩৫), ইয়াকুব আলী (৬৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), ভালুকার রমিজা (৫৪), শেরপুর সদরের  হালিমা (৬৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০) ও জামালপুরের বক্সিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)। 

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৯৭ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১৭ হাজার ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৪১০ জন।