মেয়েদের সামনে মাকে কুপিয়ে হত্যা করলেন বাবা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মেয়েদের সামনে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ললিতা বেগম (৪০)। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে গৌরীপুর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকেই দা দিয়ে কুপিয়ে স্ত্রী ললিতাকে আহত করেন রফিকুল। এ সময় ঘরে থাকা মেয়েরা তাকে বাঁধা দিয়ে থামাতে পারেনি। গুরুতর আহত ললিতাকে গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ জানান, ললিতা ও রফিকুলের মধ্যে কোনও ঝামেলা ছিল না। কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রফিকুল। গত দুই মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছেন। চিকিৎসাও নিচ্ছেন তিনি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, মামলার পর জিজ্ঞাসাবাদ শেষে  রফিকুল ইসলামকে আদালতে পাঠানো হবে।