ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন ধর্মঘটের মুখে নতুন করে বাস ভাড়া সমন্বয় করেছে সরকার। নতুন ভাড়া অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া এক টাকা ৮০ পয়সা (আগে এক টাকা ৪২ পয়সা) নির্ধারণ করা হয়েছে। তবে ময়মনসিংহের বাস মালিকরা সেটিও মানছেন না। নির্দেশনা অমান্য করে প্রতি কিলোমিটারে যাত্রীর কাছ থেকে দুই টাকা ২৫ পয়সা করে আদায় করছেন তারা।
সোমবার (৮ নভেম্বর) সকাল থেকেই ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এনা, সৌখিন, আলম এশিয়াসহ সব পরিবহনেই ২৭০ টাকা ভাড়া নিতে দেখা গেছে। এ পথের দূরত্ব ১২০ কিলোমিটার। রবিবার (৭ নভেম্বর) নির্ধারিত ভাড়া অনুযায়ী ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত ভাড়া নেওয়ার কথা ২১৬ টাকা। সেখানে বাস মালিকরা নিচ্ছেন ২৭০ টাকা। এতে প্রতি কিলোমিটারে যাত্রীদের ভাড়া পড়ছে দুই টাকা ২৫ পয়সা করে। ভাড়া বাড়ানোর আগে এ রুটে বাস ভাড়া ছিল ২২০ টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, ‘ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া এনা, সৌখিন পরিবহনের বাসে সিট সংখ্যা ৪০। লাক্সারিয়াস বাস হওয়ায় সমিতির মাধ্যমে বেশি ভাড়া নিতে হচ্ছে। ৫২ সিটের বাসে ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৮০ পয়সা নেওয়া হলে মালিকদের ক্ষতি হবে না। তবে ৪০ সিটের বাসে সরকার নির্ধারিত হারে ভাড়া নিলে মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণেই অতিরিক্ত ভাড়া আগে থেকেই নেওয়া হচ্ছিল।’
ময়মনসিংহ মোটর মালিক সমিতির কোচ বিভাগের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ সরকার বলেন, ‘সরকার নির্ধারিত প্রতি কিলোমিটারে এক টাকা ৮০ পয়সা করে ভাড়া নেওয়া উচিত। অতিরিক্ত ভাড়া নেওয়ায় যাত্রীদের সংসার খরচ বাড়বে এবং তারা ভোগান্তিতে পড়বে।’
এ বিষয়ে জেলা প্রশাসক মো. এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত সরকার নির্ধারিত বাস ভাড়ার গেজেট হাতে এসে পৌঁছায়নি। গেজেট পেলে মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সরকার নির্ধারিত হারে ভাড়া নিশ্চিত করা হবে।’