মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এরশাদ মিয়া (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলায় সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত এরশাদ মিয়া হাতিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এ খবর লেখা পর্যন্ত নিহতের মরদেহ মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এরশাদ মিয়ার সঙ্গে একই গ্রামের সবুজ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে আট মাস আগে দুই পক্ষের মাঝে মারপিটের ঘটনা ঘটে।
দুই পক্ষের লোকজনের মধ্যেই নিয়মিত মামলা চলমান রয়েছে। আগের মামলার হাজিরা দিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন কৃষক এরশাদ মিয়া। খবর পেয়ে আগে থেকেই ওঁৎ পেতে থাকা সবুজ মিয়ার লোকজন এরশাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয় লোকজন এরশাদকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, সবুজ মিয়ার লোকজন উশৃঙ্খল হওয়ায় মামলার হাজিরা দিয়ে লুকিয়ে বাড়িতে যাচ্ছিল আমার ভাই। পথে পেয়ে তারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ূন কবীর কৃষক এরশাদ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আসার আগেই এরশাদ মিয়ার মৃত্যু হয়েছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, এরশাদ নামের একজন কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।