প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো বৃদ্ধের

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের চাপায় আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টিমোড় নামক স্থানে দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে কামারপট্টি মোড় নামক স্থানে হাইওয়ে সড়কে একটি প্রাইভেটকার প্রথমে ভ্যানে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ভ্যানটি। ঘটনার পর প্রাইভেটকারসহ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। এক পর্যায়ে প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে কামারপট্টি মোড়ে জাহিদুল ইসলাম নামে একজনের দোকানে ধাক্কা দেয়। এ সময় দোকানের সামনে বসে থাকা আব্দুল কুদ্দুস প্রাইভেটকারের চাপায় গুরুতর আহত হন। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ধাওয়া দিলে প্রাইভেটকার ফেলে পালিয়ে যান চালক।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আতাউর রহমান জানান, প্রাইভেটকারটি আটক করা হয়েছে। মালিকের সন্ধানও পাওয়া গেছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।