জামালপুরে ট্রেনে হামলার ঘটনায় গ্রেফতার ৫

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সময়ে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। রবিবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর রেলওয়ে থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে তুললে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

এর আগে শনিবার (২৭ জুলাই) রাত থেকে রবিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. সাইদুর রহমান (৩৫), মেলান্দহ উপজেলার চাকধর সরদার বাড়ি এলাকার মৃত মৌক্তার আলীর ছেলে শাহীন (৩৫), লক্ষ্মীপুরের রামগতির মৃত সোহেল মিয়ার ছেলে জুয়েল (১৯), জামালপুর সদরের মির্জাপুর এলাকার আব্দুল আলীর ছেলে দ্বীন ইসলাম (২৪) ও একই উপজেলার সাহাপুর এলাকার মো. হাবিবের ছেলে রায়হান (১৯)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই সন্ধ্যায় পৌর শহরের গেটপাড় ফিশারি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী জামালাপুর এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের সাতটি বগির ১০টি জানালা ভেঙে ফেলে তারা। এ ঘটনায় ট্রেনের সহকারী চালক মো. হাফিজুল ইসলাম রাজু আহত হন। পরে জামালপুর রেলওয়ে থানায় পৃথক চারটি মামলা করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে তুললে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।’