কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেফতারদের পক্ষে মামলা না লড়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের আইনজীবীরা। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে জেলা পরিষদের সামনে আন্দোলনে সহিংসতার প্রতিবাদে তারা মানববন্ধন করে এ ঘোষণা দেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে শতাধিক আইনজীবী কালো ব্যাজ পরে মানববন্ধনে অংশ নেন।
গতকাল রাতে ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলনে দেশজুড়ে ধ্বংসাত্মক কাজ করা অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বান জানান তারা। এই অপশক্তির বিরুদ্ধে আইনজীবীরা সব সময়ের মতো মাঠে থাকার ঘোষণা দেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল দাবি করেন, ‘সাধারণ ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশজুড়ে জামায়াত-বিএনপি ব্যাপক নৈরাজ্য চালিয়েছে। ময়মনসিংহেও ধ্বংসাত্মক কার্যক্রম চালায় তারা। তারা দেশকে পাকিস্তান বানাতে চায়। তা কখনও হতে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে সরানো এত সহজ নয়। তারা প্রশ্ন রাখেন দাবি পূরণ হওয়ার পরেও কিসের আন্দোলন?’
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব আবুল কালাম মুহাম্মদ আজাদ, কবীর উদ্দিন ভূঁইয়া, পীযুষ কান্তি সরকার, বদরুদ্দিন আহমেদ, এমদাদুল হক, আমিনুল ইসলাম খাইরুল, হযরত আলী, প্রবীর মজুমদার চন্দন, নজরুল ইসলাম চুন্নু, আবদুল মোতালেব লাল, তাজুল ইসলাম খোকন, আব্দুর রহমান তাজ প্রমুখ।