ঈদে ঘুরতে গিয়ে ভাসমান সেতু উল্টে ভাইবোনসহ ৪ জনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ঈদে ঘুরতে আসা মানুষের ভারে সেতু উল্টে পানিতে ডুবে ভাইবোনসহ চার জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) ও গামারিয়া এলাকার আবির হোসেন (১৬)।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম। তিনি বলেন, ‘চার জনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ঈদে ঘুরতে আসা মানুষের ভারে সেতু উল্টে যায়

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে ওপর প্রান্তে চরে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ। শনিবার ঈদের দিন বিকালে ঘুরতে আসা দর্শনার্থীদের ভারে সেতুটি উল্টে মাঝখান ভেঙে পানিতে পড়ে যায়। এ সময় বেশিভাগ দর্শনার্থী সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামনি এবং আবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।